রাঙামাটিতে রাবিপ্রবি ভিসির অপসারনে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল
আলমগীর মানিক,রাঙামাটি-রাঙামাটির পাহাড়ে অবস্থিত একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ চরম অস্থিরতা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার রহমান-এর অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল নেতারা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন রাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব এবং সদস্য সচিব জিশান আহাম্মেদ। এসময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা উপাচার্যের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তাদের দাবি, ড. আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়কে একটি “পারিবারিক ও রাজনৈতিক আখড়ায়” পরিণত করেছেন। নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম, বিরোধী মত দমনে বাধা প্রদান এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের মতো অভিযোগ তুলে তারা বলেন, এসব কর্মকাণ্ড শুধু শিক্ষার পরিবেশ ধ্বংস করছে না, বরং সরকারের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে।
নাসির উদ্দিন অর্ণব তার বক্তব্যে বলেন, “পাহাড়ের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আজ এক চরম সংকটময় সময় অতিক্রম করছে। উপাচার্য যোগদানের পর থেকেই মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে তিনি ব্যক্তিস্বার্থ ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত রয়েছেন।”
ছাত্রদল নেতারা আরও অভিযোগ করেন, উপাচার্য একদিকে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা করেছেন, অন্যদিকে নিজেই বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থেকেছেন। পাশাপাশি অডিট রিপোর্টেও বিভিন্ন অনিয়ম উঠে এসেছে বলে দাবি করা হয়।
পরিস্থিতির প্রেক্ষিতে তারা ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যের অপসারণ দাবি করেন। অন্যথায় “আত্মসম্মান রক্ষার্থে” তাকে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলন শেষে ছাত্রদল নেতারা উপাচার্যের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেন, যা বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটকে নতুন মাত্রা দিয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































